দ.আফ্রিকা সফরে পাকিস্তান টেস্ট দলে আমির-জামান

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৯ পিএম

এক সিরিজ পরই পাকিস্তান দলে জায়গা ফিরে পেয়েছেন মোহাম্মদ আমির। দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টের সিরিজে রাখা হয়েছে এই ফাস্ট বোলারকে। চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার বাবর আজমও।

২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে আমির-ফখর জামান ছাড়াও জায়গা পেয়েছেন শাদাব খান ও মোহাম্মদ রিজওয়ান।

এশিয়া কাপে তিন ম্যাচ খেলে উইকেট শূন্য ছিলেন আমির। সিরিজের পরের ম্যাচগুলোতে একাদশে জায়গা মেলেনি তার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ডাক পাননি স্কোয়াডেই।

বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দেখান আমির। সুই সাউদার্ন গ্যাস কর্পোরেশনের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচ ও দুটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন। দুইবার পাঁচ উইকেটসহ মোট ২৩ উইকেট নেন এই বাঁহাতি বোলার।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কথা মাথায় রেখে শক্তিশালী পেস বোলিং আক্রমণ তৈরিতে নজর দিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে চোটের কারণে ছিটকে যাওয়া মোহাম্মদ আব্বাসও ফিরেছেন দলে। আমির, আব্বাস, হাসান আলি, ফাহিম আশরাফ ও শাহিন শাহ আফ্রিদি- মোট পাঁচ পেসার নিয়ে গড়া হয়েছে পাকিস্তানের স্কোয়াড।

অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে অভিষেকেই আলো কেড়েছিলেন ওপেনার ফখর জামান। প্রথম ইনিংসে ৯৪ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৬৮ রান। কিন্তু ইনজুরির কারণে জায়গা পাননি নিউজিল্যান্ড সিরিজে। পুনর্ববাসন প্রক্রিয়া শেষে দলে ফিরেছেন একমাত্র টেস্ট খেলা এই বাঁ-হাতি ওপেনার।

নিউজিল্যান্ড সিরিজেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মোহাম্মদ হাফিজ। তার জায়গায় দক্ষিণ আফ্রিকা সফরের দলে ডাক পেয়েছেন শান মাসুদ। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে, যিনি ২০১৬ সালের নভেম্বরে হ্যামিল্টনে নিজের একমাত্র টেস্টটি খেলেছেন। বর্তমান ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্যাটসম্যান।

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকাদের মধ্য থেকে বাদ পড়েছেন বিলাল আসিফ, মির হামজা ও সাদ আলি।

কেপটাউনে ৩ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দল দুটি। জোহানেসবার্গে ১১ জানুয়ারি শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড:

ইমাম-উল-হক, ফখর জামান, শান মাসুদ, আজহার আলি, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাদাব খান, মোহাম্মদ আব্বাস, হাসান আলি, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত