বি চৌধুরী বললেন অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব ইসির

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা (বি) চৌধুরী বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় বি চৌধুরী এ কথা বলেন।

বিকল্পধারার প্রেসিডেন্ট বলেন, ‘নির্বাচন কমিশন এখন স্বাধীন, সমস্ত ক্ষমতার মালিক। সংবিধান তাদের এই ক্ষমতা দিয়েছে। নির্বাচন কমিশন এখন রাষ্ট্রপতির অধীনে, সরকারের অধীনে নেই। তাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের।’

সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে যেমন আনন্দের, তেমনি বেদনার। দেশের ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে, ২ লাখ মা-বোনের অশ্রু ও রক্ত ঝরেছে। সুতরাং এই দিনটি আমাদের প্রতিজ্ঞা নেওয়ার দিন। পাকিস্তানে আমরা উন্নয়নবঞ্চিত ছিলাম, গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হয়েছিল। এখন আমরা উন্নয়নে সাফল্য অর্জন করেছি। আমরা চাই, গণতন্ত্র ও উন্নয়ন  হাতে হাত ধরে চলবে।’

বি চৌধুরী আরো বলেন, ‘উন্নয়নকে বাধাগ্রস্ত করে দুর্নীতি। তাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে দুর্নীতি উচ্ছেদের। দুর্নীতি কমাতে পারলে প্রবৃদ্ধির মাত্রা শতকরা ১০ ভাগ বাড়ানো সম্ভব।’ ওই সময় তিনি সত্যিকার শান্তি-সুখের বাংলাদেশের জন্য দুর্নীতি ও সন্ত্রাসকে নিশ্চিহ্ন করার কথা বলেন।

যুক্তফ্রন্টের সমন্বয়ক সরদার শামস আল মামুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিকল্পধারার যুক্তরাজ্য শাখার নেতা ও সিলেট জেলা বিকল্পধারার আহ্বায়ক মিছবাহ জামাল কবি নীতিশ সাহা রচিত ‘শহীদের চিঠি’ কবিতাটি আবৃত্তি করেন। এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মজহারুল হক শাহ চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম চৌধুরী, বরিশাল-৩ আসনে বিকল্পধারার প্রার্থী এনায়েত কবীর, জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্টের চেয়ারম্যান দিলীপ কুমার দাসগুপ্ত, লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, লেবার পার্টির মহাসচিব আবদুল্লাহ আল মামুন, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত