প্রধানমন্ত্রী গুজব ছড়াচ্ছেন : বিএনপি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

নির্বাচনে জিততে ‘বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে’ ও ‘লন্ডনে বসে দেশের পুলিশ হত্যার পরিকল্পনা হচ্ছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি-জামায়াতের টাকা নিয়ে নৌকায় ভোট দিন-প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ অনৈতিক। বিএনপি ব্যালট পেপার ছাপাচ্ছে বলেও তিনি গুজব ছড়াচ্ছেন-এটা অপরাধ। এ ছাড়া বিদেশে বসে বাংলাদেশে পুলিশ হত্যার ষড়যন্ত্র চলছে বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা ভয়ানক অপরাধ।

নির্বাচন সামনে রেখে কয়েকদিন ধরে বিভিন্ন জেলার নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ভোটে জিততে বিএনপি ব্যালট পেপার ছাপাচ্ছে অভিযোগ করে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখা হাসিনা। এর মধ্যে গত বৃহস্পতিবার গণভবনে ৮৮ জন সাবেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানাতে গেলে তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে ‘পুলিশ হত্যার ষড়যন্ত্রের’ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগ উদ্দেশ্যমূলকভাবে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে। নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্তভাবে বৈধ ঘোষণার পর নির্বাচন চলাকালে কারো প্রার্থিতা বাতিলের এখতিয়ার হাইকোর্টের আছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে।

 ‘যে আসনগুলোতে বিএনপির প্রার্থী থাকছে না, সেখানে হয় অন্য কোনো প্রার্থীকে ধানের শীষ প্রতীক দেওয়া হোক বা নতুন করে তফসিল ঘোষণা করা হোক। কারণ ইসি যাদের বৈধ করেছে, বিএনপি তাদেরই মনোনয়ন দিয়েছে। ভুল বিএনপির নয়, দায় ইসির।’

মির্জা ফখরুল বলেন, এরই মধ্যে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, আদৌ এ নির্বাচন ঠিকভাবে হবে কি না। নির্বাচনে ‘সমতল ক্রীড়াভূমি’ এখন একটি প্রহসন। দেশবাসী লক্ষ করছে, সরকার, ইসি, প্রশাসন ও বিচার বিভাগ গণতন্ত্র হত্যায় একজোট হয়েছে। ১০ বছর ধরে যে হামলা-মামলা ও গ্রেপ্তার-নির্যাতন চলছে, নির্বাচন আসার পর সেটা বেড়ে গেছে। বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পুলিশ। সরকারকে সহায়তা করছে নি¤œ আদালত।

তিনি বলেন, নির্বাচনের আর বাকি আছে ছয়-সাতদিন। বিএনপি এখনো আশা করছে, সরকার ও ইসি শেষমুহূর্তে তাদের সম্বিত ফিরে পাবে। ২৪ ডিসেম্বর সেনাবাহিনী নামলে তারা দেশপ্রেম, দায়িত্ববোধ, কর্তব্যবোধ ও তাদের চার্টারে যেভাবে বলা আছে সেভাবে দায়িত্ব পালন করবে বলে জনগণ প্রত্যাশা করছে।

বিএনপি ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক জাতীয় নিরাপত্তা ও মনিটরিং সেল গঠন করেছে, যেটি নির্বাচন সামনে রেখে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয় নজরদারি করবেন বলে মির্জা ফখরুল জানান।

দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, প্রার্থিতা বাতিলের পাশাপাশি প্রার্থীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। এমন বাস্তবতায় প্রধান নির্বাচন কমিশনার যখন বলেন, দেশে নির্বাচনের সুবাতাস বইছে। তখন তো ক্ষোভে দুঃখে জনগণের খুব কষ্ট হয়। কারণ এই নির্বাচনী সুবাতাস তার অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে হতে পারে, সারা দেশে নির্বাচনের সুবাতাস বইছে না।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন তার নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন দলের সন্ত্রাস ও পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেন। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় গিয়ে তার গাড়িবহরের হামলা চালিয়ে উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও বাংলাদেশ মাইনোরিটি পার্টির সুকৃতি কুমার মণ্ডল এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত