গুগল লেন্সে চিনুন ১০০ কোটিরও বেশি জিনিস

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

মনে করুন আপনি একটি রাস্তা কিংবা কোনো পার্কে হেঁটে বেড়াচ্ছেন। আর এ সময়ই একটি ফুল চোখে পড়ল আপনার। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আপনি ভাবছেন, ‘এই ফুলের নাম কী?’ আশপাশে পরিচিত কেউ না থাকায় আপনার এমন ভাবনার হয়তো কোনো উত্তর খুঁজে পাবেন না। কিন্তু একজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আপনি ওই ফুলের নাম-গোত্র সব জেনে নিতে পারেন। সে আর কেউ নয়, আপনার স্মার্টফোনে থাকা ‘গুগল লেন্স’। ভিজুয়াল সার্চ ফিচার গুগল লেন্স এখন থেকে ১০০ কোটিরও বেশি জিনিস চিনতে পারবে। লেন্সের ফিচারটি মেশিন লার্নিংয়ের মাধ্যমে ছবিসংক্রান্ত বিভিন্ন তথ্য ব্যবহারকারীর সামনে হাজির করে।

গুগল লেন্স ফিচারটি চালু হয়েছিল গত বছর। কিন্তু প্রাথমিক অবস্থায় মাত্র আড়াই লাখ জিনিস সম্পর্কে তথ্য সরবরাহ করতে পারত গুগল লেন্স।

গুগল লেন্স কোনোকিছু সম্পর্কে আপনাকে শুধু তথ্যই দেবে না, উপরন্তু আপনি যদি কোনো রাউটারের নামসহ ছবি তোলেন, তবে স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে আপনার ফোনটি। এ ছাড়াও এই লেন্সের সাহায্যে কোনো ভিজিটিং কার্ডের ছবি তুললে সেখানে থাকা নম্বর আপনার ফোনের কনট্যাক্ট লিস্টে যুক্ত হয়ে যাবে।

ক্যামেরা দিয়ে আপনি এমন অনেক কিছুরই ছবি তোলেন, যেগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য আপনার জানা নেই। যেমন সুন্দরবনে বেড়াতে গিয়ে আপনি অনেক প্রজাতির পোকা, ব্যাঙ কিংবা কাঁকড়ার ছবি তুলেছেন। কিন্তু সেগুলো সম্পর্কে আপনি জানেন খুবই সামান্য। এসব ক্ষেত্রে আপনি যদি গুগল লেন্স ব্যবহার করে ছবিগুলো তোলেন, তবে ছবি তোলার সঙ্গে সঙ্গেই ওইসব প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্যসহ চলে আসবে একটি উইকিপিডিয়া পেইজ। তবে সব সময়ই যে গুগল লেন্স আপনাকে সঠিক তথ্য দেবে, তা কিন্তু নয়। অচেনা অ্যাঙ্গেল, অপর্যাপ্ত আলোর জন্য ছবি তোলার বিষয়বস্তুটিকে অনেক সময় অচেনা মনে হতে পারে গুগল লেন্সের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত