তরুণদের উদ্দেশে ভিডিওবার্তা ড. কামাল ও ফখরুলের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০২:৫৫ এএম

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নেমেছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির শীর্ষ নেতারা। এর অংশ হিসেবে ভিডিওবার্তা পাঠিয়েছেন জোটের দুই নেতা ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা তরুণদের জেগে উঠতে বলেছেন।

গত শুক্রবার থেকে দুটি ভিডিওবার্তা ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার রাতে এই ভিডিও বার্তা ছাড়া হয়েছে বলে দেশ রূপান্তরকে তারা দুজন জানিয়েছেন। তারা এটাও জানান, এমন ভিডিওবার্তা আরো ছাড়া হবে।

ড. কামাল হোসেনের ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, দরজা খুলে ধীর পায়ে লাঠিতে ভর করে হেঁটে এগোচ্ছেন তিনি। ভিডিওর বর্ণনায় বলা হয়, ‘বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে বাংলাদেশ তো তুমি। এই যে তুমি ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছ নিজের পায়ে দাঁড়ানোর। আর ওই যে তুমি ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্ট। আরে তুমিই তো বাংলাদেশ। তুমি হার মাননি, আমি জানি।’ভিডিওতে কামাল আরো বলেন, ‘ভবিষ্যতেও বাংলাদেশ হারবে না। তরুণদের হাত ধরে একাত্তরের ডিসেম্বরের বিজয়, নব্বইয়ের গণতন্ত্র এসেছে।’ তিনি ২০১৮ সালের ডিসেম্বরেও তরুণরা জেগে উঠবে বলে আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ‘জেগে ওঠ বাঙালি, তোমার কাণ্ডারি প্রস্তুত।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ভিডিওতে তিনি প্রথমবারের মতো ভোটার হওয়া তরুণদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ‘আমরা শুধু আমাদের মনের কথাটা শুনেছিলাম। শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলামÑদেশটা মুক্ত হবে; একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। আমার বয়স এখন ৭০। আমি এই বয়সেও একই স্বপ্ন তাড়া করছি। আমি তো আশায় ভরপুর।’

তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মনে করা বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বলি কি, আপনারা দেখিয়ে দিন; আপনারাই বাংলাদেশ। ইউ ম্যাটার, আপনারাই দেশের মালিক। আপনার ভোটেই ঠিক হবে এ দেশের ভবিষ্যৎ। আপনার বিবেচনা যাকে বলে, তাকেই ভোট দিন। আমি সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’

তরুণদের সকাল সকাল ভোট দিতে যাওয়ার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, ‘যৌবনে এই দেশটার জন্য যুদ্ধ করেছিলাম। বার্ধক্যে এসে আপনাদের কাছে আমি শুধু একটা দিন চাইছি-৩০ ডিসেম্বর। শুধু একটা দিন; বাংলাদেশের জন্য। ৩০ ডিসেম্বর সকাল সকাল ভোট দিন। দেখিয়ে দিন যে, আপনারা শুধু ভোট দিতেই জানেন না; ভোট ডাকাতিও আটকাতে পারেন।’ ভিডিওবার্তার বিষয়ে বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান দেশ রূপান্তরকে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের অন্য নেতাদের পরামর্শেই সামাজিক যোগাযোগমাধ্যমে শীর্ষ দুই নেতা প্রচার চালাচ্ছেন। প্রচারে এখন অন্যতম অনুষঙ্গ এই ডিজিটাল প্ল্যাটফর্ম। তাই নেতারাও এ মাধ্যমে সক্রিয় হচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত