বগুড়ায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে আওয়ামী লীগ বলছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর বিএনপি বলছে, পুলিশ ও আওয়ামী লীগের নির্যাতনে তাদের নেতাকর্মীরা ঘরছাড়া।
সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম লাঠিসোটা নিয়ে শোডাউন করেন। এ সময় তারা মারপিট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আচরণবিধি লঙ্ঘন করে। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই দিনের হামলায় অসংখ্য নেতাকর্মী আহত হন। এ ঘটনার জন্য বিএনপিপ্রার্থীর পাশাপাশি কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বহীনতাকে তিনি দায়ী করেন।
এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন নবাব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু উপস্থিত ছিলেন।
বগুড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম অভিযোগ করেন, বগুড়ার কোনো নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না। পুলিশ ও আওয়ামী লীগের নির্যাতনে নেতাকর্মীরা ঘরছাড়া। তিনি বলেন, ‘জনগণ বিএনপির সঙ্গে আছে। আমরা নির্বাচনী মাঠে শেষদিন পর্যন্ত থাকব। ৩০ ডিসেম্বর জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে।’
