সোনারগাঁও হোটেলে নির্বাচনী মিডিয়া সেন্টার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৫ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য সরবরাহে রাজধানীর সোনারগাঁও হোটেলে নির্বাচনী মিডিয়া সেন্টার বসানো হয়েছে। এখান থেকেই দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী তথ্য সংগ্রহ করতে পারবেন।  বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা ও ভিসা-সংক্রান্ত পরামর্শও দেওয়া হবে।

গতকাল বুধবার তথ্য সচিব আবদুল মালেক মিডিয়া সেন্টারের কার্যক্রম চালু করেন। এ সময় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারসহ নির্বাচন কমিশন এবং তথ্য, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব ও তথ্য সচিব সাংবাদিকদের জানান, দুটি হটলাইনের মাধ্যমে সার্বক্ষণিক নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে মিডিয়া সেন্টার থেকে তথ্য ও অনলাইন সংযোগ সেবা দেওয়া হবে। এজন্য মিডিয়া সেন্টারে তথ্য মন্ত্রণালয়ের পাঁচজন কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করবেন। এ ছাড়া বিটিভিতে প্রচারিত নির্বাচনী ফলও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে মিডিয়া সেন্টারের দুটি মনিটরে দেখানো হবে।

সোনারগাঁও হোটেলের সুরমা হলে মিডিয়া সেন্টারটিতে একটি ‘ওয়ার্কস্টেশন’ ও একটি ‘ব্রিফিং’ কক্ষ রয়েছে। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য নিরালা হলে বসার ব্যবস্থা রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত