উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

শান্তিপূর্ণ নির্বাচন চায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতামুক্ত, সবার অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশ দেখতে চায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল। গত দুই সপ্তাহে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, গত দুই সপ্তাহের নির্বাচনী সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বড় বড় নেতাসহ সংখ্যালঘুরা বিশেষ করে বিরোধীদলীয় নেতারা সহিংসতার শিকার হয়েছে। আমরা কমিশনে জানতে এসেছি, ভোটাররা যেন নির্বিঘেœ প্রার্থীদের ভোট দিতে পারে সে জন্য ইসির কী পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ৩০ ডিসেম্বর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।

এ সময় মিলার জাতিসংঘের (ইউএন) মহাসচিব অ্যান্থোনিও গুতেরেসের একটা বিবৃতি তুলে ধরে বলেন, তিনি সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে বলেছেন। ইউএন সেক্রেটারি জেনারেল অবাধ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পূর্ণভাবে সাপোর্ট করে বলে মিলার জানান।

এদিকে বুধবার গুতেরেসের পক্ষে দেওয়া বিবৃতিতে মুখপাত্র স্টেফানে দুজারিক আরো বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি নির্বাচনের আগে, চলাকালীন ও পরে সহিংসতামুক্ত, ভীতিমুক্ত ও বলপ্রয়োগহীন একটি পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যাতে করে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর আড়াইটায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেইক সিলেট-১ আসনের মহাজোটের প্রার্থী ড. মোমেনের বাসায় সাক্ষাৎকালে বলেন, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। এদিকে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারণা চালাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ সংক্রান্ত একাধিক পোস্ট দেওয়া হয়।

অপর একটি পোস্টে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের একটি বক্তব্য পোস্ট করা হয়েছে। রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেছেন, রাজনৈতিক কর্মকান্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গণতন্ত্রের সফলতা নির্ভর করে। আমরা আশা করি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন হবে। একইভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত