একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) অবস্থান কী হবে, সে বিষয়ে জানা যাবে আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার দুপুরে নির্বাচন পরবর্তী জাপার প্রেসিডিয়াম সদস্যদের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।
জি এম কাদের বলেন, ‘এই জাতীয় সংসদ নির্বাচনে আসন সংখ্যার দিক দিকে আওয়ামী লীগের পরই আমাদের অবস্থান। আমরা মহাজোটে ছিলাম, এখনো আছি। ভবিষ্যৎ বুঝে দেখা হবে।’ তিনি আরও বলেন, ‘এককভাবে আমরা এখন পর্যন্ত জোটের সঙ্গে আছি এবং জোটের সঙ্গেই থাকতে চাই। আমরা আলোচনা করে কাজ করব; মহাজোটের সঙ্গেও আলোচনা করব। ’
তিনি বলেন, ‘আগামীকাল (আজ বৃহস্পতিবার) জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়ে সংসদীয় দলের সভায় অংশ নেবেন। দেশ ও মহাজোটের স্বার্থ বিবেচনায় রেখে পার্টির সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হবে সংসদে জাতীয় পার্টির কী ভূমিকা হবে।’
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাপার কো-চেয়ারম্যান বলেন, ‘মন্ত্রিত্ব নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এখনো আমরা শপথ গ্রহণ করিনি। শপথ গ্রহণ করি, তারপর সিলেকশনের সময় বোঝা যাবে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, পার্লামেন্টে একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। তবে সবাই যদি একমত হয়, তাহলে তো বিরোধী দলের আর দরকার হয় না। হয়তো জাতীয় সরকার হতে পারে। অনেক কিছু হতে পারে জনগণের ইচ্ছার প্রতিফলনের ওপর। ’
নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যেখান থেকে নির্বাচন করেছি, সেখানে অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি আমারটা দেখেছি। অন্যেরটা তো দেখিনি। তাই বলতে পারছি না। ’
এর আগে দলের কো-চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মজিবুল হক চুন্নু, এস এম ফয়সল চিশতী, শেখ সিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপু, আজম খান প্রমুখ।
