‘নোট অব ডিসেন্ট’ দিয়ে আলোচনার জন্ম দেওয়া নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক বলে উল্লেখ করেছেন। তিনি এই নির্বাচন ‘বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহ্য সৃষ্টি করবে’ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার প্রশংসা করেন। ভোটের কিছুদিন আগেও ‘লেভেল প্লেইং ফিল্ড নেই’ বক্তব্যের জের ধরে সিইসির সঙ্গে মাহবুবের মতবিরোধ প্রকাশ্যে আসে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের’ জন্য কর্মকর্তাদের ধন্যবাদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন ইসি মাহবুব। সিইসিসহ অন্য কমিশনারদের মতো তিনিও বলেন, ‘আপনারা জানেন, আমাদের দেশে নির্বাচনে কোনো ধারাবাহিকতা নেই, কিংবা ছিল না। আমরা কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছি, কখনো সেনা সমর্থিত সরকারের অধীনে নির্বাচন করেছি, কখনো নির্বাচন করেছি দলীয় সরকারের অধীনে, কিন্তু তা অংশীদারিত্বমূলক হয়নি। এই প্রথম একটি অংশীদারিত্ব ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি। এই নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি ঐতিহ্য সৃষ্টি করবে।’
এরপর সিইসির প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি একজন মুক্তিযোদ্ধা এবং যোদ্ধার মতোই তিনি এ বিশাল কর্মযজ্ঞে সবাইকে নেতৃত্ব দিয়েছেন। অন্যান্য নির্বাচন কমিশনার যাদের সঙ্গে আমার প্রতিদিন দেখা হয় এবং এটা একটা আমি বলব অপরিসীম অনুগ্রহ আমি যাদের সঙ্গে দুই বছরের কাছাকাছি সময় পার করেছি, আরও তিন বছর কাজ করতে পারব আশা করি। তাদের সঙ্গে আমার যে সম্পর্ক, তা এত নিবিড়, এটি কর্মক্ষেত্রে কখনো হয়নি, হওয়া সম্ভব না।’
ভোটের কয়েক দিন আগে ‘নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছু নেই’ বলে গণমাধ্যমে বক্তব্য দেন ইসি মাহবুব। তার বক্তব্যের পর ‘গণমাধ্যমে মাহবুব তালুকদার অসত্য কথা বলেছেন’ এমন মন্তব্য করেন সিইসি। এর পরিপ্রেক্ষিতে মাহবুব সাংবাদিকদের তার কক্ষে ডেকে নিয়ে লিখিত আকারে সিইসির বক্তব্যের প্রতিবাদ জানান।
