রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগে আগুনে ভস্মীভূত হয়েছে প্লাস্টিকের ১২টি দোকান। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়েই ১৪টি টিম একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘দুপুর ২টা ৪০ মিনিটে অগ্নিকান্ডের খবর পেয়েই ১৪টি টিম একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ডিএডি আবদুল হালিম দেশ রূপান্তরকে বলেন, ‘আগুনে ১১-১২টি পুরনো প্লাস্টিকের দোকান পুড়ে গেছে। আগুনে ভস্মীভূত দোকানগুলোর বেশিরভাগই একতলা বিশিষ্ট টিনের ঘর ছিল। এছাড়া তিন তলা ও দোতলা ঘরও ছিল। এসব ঘরে ‘রিসাইক্লিং ওয়েস্টেজ’ জমা করে রাখা হতো।
অগ্নিকা-ের কারণ জানতে চাইলে আবদুল হালিম বলেন, ‘কেউ বলেছেন রান্নাঘরের চুলা থেকে আবার কেউ বলেছেন দোকানঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা যায়নি। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার দেশ রূপান্তরকে বলেন, ‘আগুনে পুরনো প্লাস্টিক সামগ্রী ও পলিথিনের বেশ কয়েকটি গোডাউন পুড়ে গেছে। দুপুর আড়াইটার মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’
