‘কারচুপির তথ্য’ মার্কিন রাষ্ট্রদূতকে জানাল বিএনপি

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০২:২২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ করে সে তথ্য ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় বৈঠকের সময় দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আলোচ্যসূচির বিষয়টি দেশ রূপান্তরকে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ এক নেতা। তিনি জানান, বৈঠকে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ‘কারচুপি ও নানা অনিয়মের’ বিষয় নিয়ে মার্কিন দূতের সঙ্গে কথা বলেছে বিএনপি। দলটির পক্ষ থেকে সে তথ্যগুলোও তুলে দেওয়া হয়েছে।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। ওই বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি।

গত রবিবারের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টিতে আসনে জয়ী হয়। অন্যদিকে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা পান সাতটি আসন। ভোটের পর গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে এ অনুষ্ঠান বর্জন করে ঐক্যফ্রন্ট।

এর আগে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেন ধানের শীষের প্রার্থীরা। এ দাবিতে তারা বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত