গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণকারী আওয়ামী লীগ নেতাসহ সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো বলেন, ‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। আজ স্বাধীনতার ৪৭ বছর পরও নোয়াখালীর সুবর্ণচরে ভোট দেওয়াকে কেন্দ্র করে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, আমি নিজেই তাতে লজ্জিত। আমি এ ঘটনার জন্য প্রতিবাদ জানাই এবং সুষ্ঠ বিচার দাবি করছি।’
বক্তারা আরো বলেন, গত ৩০ ডিসেম্বর এক প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচনের দিন ভোট দিতে যে চার সন্তানের এক জননীকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৌকা প্রতীকে ভোট দিতে বলে। সেই নারী এর প্রতিবাদ করায় তাকে হুমকি দেয় ওই সন্ত্রাসীরা। সেদিন রাতেই তার স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে গণধর্ষণ করে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ধর্ষিতা নারী এখন হাসপাতালে আছেন। তার স্বামী মামলা করেছেন কিন্তু এজাহারে গণধর্ষণের নির্দেশ দাতাকে অন্তর্ভুক্ত করেনি পুলিশ। পরবর্তী সময়ে আন্দোলনের চাপে তাকে গ্রেপ্তার করা হয়।
বক্তারা আরো বলেন, এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে এ দেশে নারীসমাজের চলাচল বসবাস অযোগ্য হয়ে পড়বে। তাই এই সন্ত্রাসীদের অবিলম্বে ফাঁসি দিয়ে দেশকে কলঙ্কমুক্ত করা হোক।
মানববন্ধনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, উপদেষ্টামণ্ডলীর সদস্য নূরজাহান ঝর্র্ণা, নারীনেত্রী প্রীতিলতা, জেসমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
