জয়পুরহাটে ছাত্রীনিবাসে তরুণীর ঝুলন্ত লাশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১০:১১ এএম

জয়পুরহাটে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের শান্তিনগর এলাকায় একটি ছাত্রীনিবাসে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাপলা খাতুন (২৪)। তিনি সদর উপজেলার চকদাদড়ার জাহাঙ্গীর আলমের স্ত্রী ও ক্ষেতলাল উপজেলার নওটিকা গ্রামের আব্দুল গফুরের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রী শাপলা খাতুন দুপুর ৩টার পর খাওয়া-দাওয়া শেষে তার রুমের দরজা-জানালা বন্ধ করে ঘুমাতে যান।

ছাত্রীনিবাসের অপর ছাত্রী মুক্তা ও তাবাচ্ছুম রাত ৮টার দিকে রুমে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরে দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহত শাপলা খাতুনের মৃত্যুর আগে তার পায়ের কাছে একটি চিঠির প্যাডে তার লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই নিজেই দায়ী। আমার ক্যানসার হয়েছে তাই আমি আমার জীবনটা কারও সঙ্গে জড়াতে চাচ্ছিলাম না। আমি আমার জীবনটা নিজের হাতে শেষ করে গেলাম এর জন্য কেউ দায়ী না।’– শাপলা।

এ ঘটনায় তার ছাত্রীনিবাসের সহপাঠীরা জানান, শাপলার নিয়মিত মাথা ব্যথা হতো। সেই কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তারা।

এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলেই আছে। লাশ উদ্ধার করে তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত