দিলীপ-সায়রারই থাকছে ২৫০ কোটির বাংলো

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১২:৫৯ পিএম

বলিউডে বর্ষীয়ান তারকা দম্পতি দিলীপ কুমার ও সায়রা বানুর ২৫০ কোটি রুপি দামের বাংলো নিয়ে ঝামেলা চলছিল অনেক দিন ধরে। মুম্বাইয়ের এক আবাসন নির্মাতা এর মালিকানা দাবি করে আসছিলেন। এবার সেই দ্বন্দ্বের সমাধান হওয়ায় স্বস্তি পেলেন দম্পতি।

স্থানীয় শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্ট রবিবার জানিয়েছে, দিলীপ কুমার ওই প্লটের ভাড়াটিয়া নন। ৯৯৯ বছরের দীর্ঘস্থায়ী লিজ রয়েছে তার।

আনন্দবাজার পত্রিকা জানায়, আইনজীবী আলতমাস শেখের মাধ্যমে একটি পাবলিক নোটিশ প্রকাশ করে শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্ট। সেখানে বলা হয়েছে, ‘‘দিলীপ কুমারের নেওয়া লিজ এখনো বৈধ। ওই প্লটের ওপর তার ৯৯৯ বছরের লিজ রয়েছে।’’

এর আগে দিলীপ কুমার ও সায়রা বানু আবাসন নির্মাতা সমীর এন ভোজয়ানির নামে ২৫০ কোটি রুপির মানহানির মামলা করেন। এই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিসের সাহায্য না পেয়ে মামলা করতে বাধ্য হন বলে জানান তারা।

দিলীপ কুমারের ১৬০০ বর্গ মিটারের ‘পালি হিল’ বাংলোর আনুমানিক দাম ২৫০ কোটি রুপি।

মানহানির মামলায় সায়রা বানু বলেছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দিলীপ কুমারের জন্য এ ঘটনা দুর্ভাগ্যজনক, যিনি ১৯৮০ সালে মুম্বাইয়ের শেরিফ ছিলেন। তিনি একজন প্রথম শ্রেণির নাগরিকও। সমীরের কর্মকাণ্ডকে দিলীপ কুমারের ওপর নির্যাতন বলেও উল্লেখ করেন।

ইতিমধ্যে সায়রা বানু ঘোষণা দিয়েছেন ওই প্লটে দিলীপ কুমারের সম্মানে একটি মিউজিয়াম নির্মাণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত