মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর গ্রামের সড়কের পাশে ইস্রাফিল হক (৩২) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ইস্রাফিলের মাথা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মজিবুর রহমানের ছেলে।
সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, ইস্রাফিল স্ত্রী ও সন্তান নিয়ে সদরের পঞ্চসার এলাকার হাজি জহিরউদ্দিন মডেল টাউনে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। রবিবার রাতে বেতকা এলাকায় টিউশনি শেষে নিজ বাসায় ফিরছিলেন তিনি। রাতেই সদরের সুখবাসপুর এলাকার সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইস্রাফিলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, এটি হত্যা না সড়ক দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি পুলিশ আরও তদন্ত করে দেখছে। মামলার প্রস্তুতি চলছে।
ইস্রাফিলের স্ত্রী সাবরিনা খাতুন জানান, রবিবার সন্ধ্যায় টিউশনি করার জন্য নিজ বাসা থেকে বের হন ইস্রাফিল। রাতে বাসায় না ফেরায় তার মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়। এরপর তাকে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে রাত ১১টার দিকে পুলিশ সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।
