ডিঙি নৌকায় মিলল ৩০ কেজি হরিণের মাংস

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০৬:৪৪ পিএম

মোংলার দক্ষিণ কানাইনগর এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ একটি ডিঙি নৌকা জব্দ করেছে বন বিভাগ। তবে শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, সোমবার রাত ৮টার দিকে মোংলার সুন্দরবনের পশুর নদীতে মোবাইল টিমের যৌথ টহলকালে একটি নৌকার গতিবিধি সন্দেহ হয়।

এ সময় নৌকাটিকে চ্যালেঞ্জ করা হলে পশুর নদীর পাড়ে চিলা বাজার সংলগ্ন দক্ষিণ কানাইনগর এলাকায় নদীর চরে ওই নৌকাটি ফেলে রেখে চারজন চোরা শিকারী দ্রুত পালিয়ে যায়।

পরে ওই ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তায় থাকায় ৩০কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

নৌকাটি জব্দ করার পাশাপাশি নৌকা ফেলে পালিয়ে যাওয়া ওই চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান বন কর্মকর্তা আজাদ কবির।

তবে গোপনীয়তার স্বার্থে ওই চার চোরা শিকারীর নাম প্রকাশে অপারগতা জানিয়েছে বন বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত