গত ২৭ বছর ধরে রেইনবো চলচ্চিত্র সংসদ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের উৎসবের পর্দা উঠবে আগামীকাল। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে উৎসবের সব প্রস্তুতি সমাপ্ত হয়েছে। উৎসবের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।
এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশন-এ বাংলাদেশসহ ৭২টি দেশের মোট ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁয়েজ মিলনায়তন ও যমুনা ব্লকবাস্টার সিনেমায় উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
এতে ৭২টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি এবং আয়োজক প্রতিষ্ঠান রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দর্শকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। প্রতিবারের মতো এবারও উৎসবে ১১ ও ১২ জানুয়ারি রাজধানীর অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ফিল্ম মেকারস কনফারেন্স’। এতে আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা অংশ নেবেন। আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, সারা বিশ্বেই নারীদের অবস্থান পরিবর্তন ঘটছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও নারীদের সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটছে। এসব বিষয়ে তথ্যাবলি উৎসবে উপস্থাপিত হবে। এই উদ্দেশে এবারের উৎসবে পঞ্চমবারের মতো নারী চলচ্চিত্র নির্মাতারা অংশ নিচ্ছেন।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে মোট ১২ জন বিচারকের নাম ও তাদের সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে উৎসবের ১৭তম আসরে বিচারক হিসেবে বিদেশি চলচ্চিত্রকারদের সঙ্গে থাকছেন বাংলাদেশের অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নির্মাতা ও প্রযোজক রুবাইয়াত হোসেন।
জানা গেছে, এই উৎসবে ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে লড়বে নূর ইমরান মিঠুর প্রশংসিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, জয়রাজ, সামিয়া সাঈদ প্রমুখ। এ বিভাগে ‘কমলা রকেট’ ছাড়াও প্রতিযোগিতায় লড়ছে ভারত, ইরান, ইরাক, কাতার, কাজাখস্তান, কোরিয়া, তুরস্ক ও উজবেকিস্থানের ১৯টি চলচ্চিত্র।
এবারের উৎসবে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত দুই বাংলার দুটি ছবি মনোনীত হয়েছে। একটি হলো বাংলাদেশের ছবি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’।
অন্যটি কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর ‘এক যে ছিলো রাজা’। সৃজিতের ‘উমা’ ছবিটিও দেখানো হবে উৎসবে। তাই এ উৎসবে সৃজিত উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। ‘এক যে ছিলো রাজা’ প্রতিযোগিতা বিভাগে থাকলেও আরেক ছবি ‘উমা’ আছে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’-বিভাগে।
