ফেইসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে রাজশাহীতে আখলাকুজ্জামান আনসারী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর হেতেমখাঁ এলাকার ভাড়া বাসা থেকে র্যাব-৫ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। আখলাকুজ্জামান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর এলাকার কাজী মোহাম্মদ আবু সাইদের ছেলে।
র্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান বলেন, আখলাকুজ্জামান তার মুঠোফোন থেকে সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করছিলেন। এমন অভিযোগ পেয়ে তদন্তের পর নিশ্চিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। আখলাকুজ্জামান তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংসদ শামীম ওসমান, তারানা হালিম, মমতাজ বেগম, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সেনাপ্রধান জেনারেল আব্দুল আজিজ, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি বিকৃত করে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করতেন। র্যাব কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে আখলাকুজ্জামান আনসারী নিজেকে ইলেকট্রিক মিস্ত্রি বলে দাবি করেছেন।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে। পরে গতকাল বুধবার দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
