চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজ

শিক্ষকের ৪৪ পদের ১৫টি শূন্য

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০২:৪৩ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের ৪৪ জন শিক্ষকের মধ্যে ১৫ জনের পদ খালি। দীর্ঘদিন শিক্ষক ও কর্মচারী সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। এছাড়া কলেজের মসজিদ ও মিলনায়তন নেই।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত গাছবাড়িয়া কলেজটি ১৯৮০ সালে সরকারি করা হয়। কলেজে শিক্ষকদের পদ ৪৪টি হলেও ১৫ শিক্ষকের পদই দীর্ঘদিন ধরে খালি রয়েছে। শূন্য পদগুলো হলো বাংলা বিভাগে তিনজন, ইংরেজিতে একজন, রাষ্ট্রবিজ্ঞানে দুজন, দর্শনে দুজন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে একজন, রসায়নে একজন, গণিতে একজন, হিসাববিজ্ঞানে তিনজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন। এছাড়া একজন গ্রন্থাগারিক, চারজন প্রদর্শক ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কয়েকটি পদও খালি রয়েছে। দীর্ঘদিন ধরে পদগুলো খালি থাকায় সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান ও অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বিভিন্ন বিভাগের শিক্ষকদের ওইসব ক্লাস নিতে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বাড়তি চাপ নিয়ে সুষ্ঠুভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না। কলেজে শিক্ষক সংকট ও নানা সমস্যার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শাহারুফ উদ্দীন ও অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী নাহিদা আকতার। তারা বলেন, ‘বহু আশা করে সরকারি কলেজে ভর্তি হয়েছি। কিন্তু শিক্ষকের অভাবে আমরা এখন ক্লাস করতে পারি না।’

অভিযোগ আছে তদবির করে এ কলেজের শিক্ষকরা বদলি হয়ে বিভিন্ন জেলা শহরের কলেজে যাওয়ার ফলে শিক্ষক সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশীদ বলেন, শিক্ষকদের বদলি চেষ্টা ঠেকাতে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিয়ুর রহমান জানান, তিনি এ বছর ১ জানুয়ারি যোগদানের পর শিক্ষক ও কর্মচারী সংকটের ব্যাপারে মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত