কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশের বড় চ্যালেঞ্জ : বিশ্বব্যাংক

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৩:১২ এএম

অনেক ক্ষেত্রে সাফল্য এলেও বাংলাদেশ পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি করতে পারেনি বলে মনে করে বিশ্বব্যাংক। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমদ ও চিমিয়াও ফান।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা অবকাঠামো, শিক্ষাসহ বিভিন্ন খাতে উন্নতি করেছি। তবে কর্মসংস্থানে কিছুটা পিছিয়ে আছি। সরকার অবকাঠামো সুবিধাসহ বেসরকারি খাতকে বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে। তারা ব্যাপক বিনিয়োগ করবে। ফলে বিভিন্ন খাতভিত্তিক বেসরকারি শিল্প প্রতিষ্ঠিত হলে কর্মসংস্থান বাড়বে বলেআশা করছি।’ বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষ করে গত দুই দশকে প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য নিরসন, মানবসম্পদ উন্নয়ন হয়েছে ব্যাপক। তবে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বাংলাদেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ। কেননা প্রতি বছর ২০ লাখ তরুণ কর্মের বাজারে প্রবেশ করছে।’

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ২৫ কোটি ডলার বা ২১০০ কোটি টাকার ঋণচুক্তি হয়েছে। আগামী ৩ বছরে ধাপে ধাপে ৭৫ কোটি ডলার দেবে সংস্থাটি।

চলতি ২০১৮-১৯ অর্থবছরের জন্য দেওয়া অর্থ ‘জব ডেভেলপসেন্ট পলিসি ক্রেডিট’ নামের কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে। বিশ্বব্যাংকের দেওয়া এ বাজেট সহায়তা ৫ বছরের রেয়াতকালসহ (গ্রেস পিরিয়ড) ৩০ বছরে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে উত্তোলিত অর্থের ওপর শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদসহ মোট ২ শতাংশ হারে সুদ দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত