হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে শোকজ করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবার এই দুই ক্রিকেটার নিষিদ্ধ হতে পারেন বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই।
‘কফি উইথ করন’ নামের টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। অনুষ্ঠানটি প্রচারের পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে। পরিচালক ও প্রযোজক করন জহর উপস্থাপিত অনুষ্ঠানটিতে পান্ডিয়া যৌনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। নারী বিষয়ক তার খোলামেলা কথা ভালোভাবে নেয়নি কেউই।
অনুষ্ঠানটিতে লোকেশ রাহুল অবশ্য তেমন কোনো মন্তব্য না করলেও বুধবার দুজনকেই (পান্ডিয়া ও রাহুল) শোকজ করে ২৪ ঘন্টার মধ্যে জবাব চায় বিসিসিআই। লোকেশ রাহুল জবাব দেননি, তবে পান্ডিয়া জবাব দিয়েছেন। তবে তার ব্যাখ্যা পছন্দ হয়নি বিনোদ রাইয়ের।
বৃহস্পতিবার বিনোদ রাই জানান, ‘‘হার্দিক পান্ডিয়ার ব্যাখ্যায় আমি সন্তুষ্ট নই। আমি দুই ক্রিকেটারকেই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করার জন্য বলেছি। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডায়না এডুলজি।’’ প্রশাসক কমিটির অন্যতম প্রধান ডায়না এডুলজি এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আইনি শাখার পরামর্শ চেয়েছেন।
শনিবার থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত। তার আগেই কি পান্ডিয়া ও রাহুলকে নিষিদ্ধ করার পথে হাঁটবে বিসিসিআই!
