সুনামগঞ্জের প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী (৭২) আর নেই। গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক।
সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার দিলাল আহমদ জানান, কামরুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার তাকে সুনামগঞ্জ থেকে ঢাকায় এনে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরীর মৃত্যুতে সুনামগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। রাতেই তার শহরের উকিলপাড়ার বাসভবনে ভিড় জমান শহরের নানা শ্রেণি-পেশার মানুষ।
