পয়লা ফেব্রুয়ারিকে ‘জাতীয় কবিতা দিবস’ ঘোষণার দাবি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০২:৪৪ পিএম

জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে পয়লা ফেব্রুয়ারিকে ‘জাতীয় কবিতা দিবস’ ঘোষণার দাবি জানানো হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত বলেন, “আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে ইতিপূর্বে বেশ কয়েকবার পয়লা ফেব্রুয়ারিকে সরকারিভাবে ‘জাতীয় কবিতা দিবস’ ঘোষণার অনুরোধ করেছি।”

সঙ্গে যোগ করেন, “এবারও কবিতা উৎসবের মধ্য দিয়ে আমরা সেই দাবি পুনরায় সরকারের কাছে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাই।”

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক। ‘৩৩তম জাতীয় কবিতা উৎসব ২০১৯’ এর আয়োজনকে ঘিরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তারিক সুজাত বলেন, “আগামী ১ ও ২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসবের ৩৩তম আসর। ১৯৮৭ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় কবিতা উৎসবের সূচনা হয়েছিল। এরপর বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও সংস্কৃতির বিকাশে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলা ভাষাভাষী কবি ও কবিতা অনুরাগীদের প্রাণের মেলায় পরিণত হয়েছে এই উৎসব।”

এবারের উৎসব উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী। সুইডেন, তুরস্ক, মালয়েশিয়া, মালদ্বীপ ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে কবিরা অংশগ্রহণ করবেন। বেশি-বিদেশিরা অতিথি অংশগ্রহণ করবেন। উৎসবে সম্মাননা জানানো হবে কবি হাবিবুল্লাহ সিরাজীকে।  

কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ বলেন, “প্রতি বছরই আমাদের উৎসবের উদ্বোধন করেন একজন খ্যাতনামা কবি। এই আয়োজনে কোনো প্রধান অতিথি থাকেন না। সবাই এখানে সমান গুরুত্বের। সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিটি উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার কবিতানুরাগী ও শ্রোতার অংশগ্রহণের মধ্য দিয়ে এই উৎসব যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা পৃথিবীতে বিরল।”

কবি আসাদ চৌধুরী বলেন, “বাংলাদেশের রাজনীতির ক্রান্তিকালে কবিতা রাজনীতিরও দায়িত্ব পালন করেছে। কবিরা সামাজিক দায় থেকেই বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি কাজী রোজী, কবি আসাদ মান্নানসহ অনেকে। সঞ্চালনা করেন কবি আমিনুর রহমান সুলতান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত