ফেনীতে প্রাক্তন গার্লস ক্যাডেটদের পুনর্মিলনীতে সেনাপ্রধান

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১২:৩৯ এএম

ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এদিন সকালে সেনাপ্রধান ক্যাম্পাসে এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপটেন মুমিন খান মজলিস।

পরে পুনর্মিলনীর উদ্বোধন শেষে প্যারেডে সালাম গ্রহণ করেন আজিজ আহমেদ।

তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তাদের সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে ‘নারী জাগরণ’বিষয়ক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে সেনাপ্রধান ও প্রাক্তন ক্যাডেটরা পুনর্মিলনীর স্মৃতি হিসেবে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ফেনীর জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি কে এম এনামুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আখতারুন নেসা শিউলী ও ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত