হাসান আজিজুল হকের জন্ম-উৎসব উদ্‌যাপনে কমিটি গঠন

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১১:৩০ পিএম

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৮০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীর সর্বস্তরের গুণীজন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক এই অধ্যাপকের ৮০তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

এ উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৮০তম জন্ম-উৎসব উদ্‌যাপন পরিষদ’ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রাজশাহীর কাজলায় হেরিটেজ আর্কাইভসের কনফারেন্স কক্ষে শুক্রবার সন্ধ্যায় কবি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জন্ম-উৎসব উদ্‌যাপন পরিষদের কমিটি গঠন করা হয়।

কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিককে আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসের সাবেক পরিচালক অধ্যাপক ড. স্বরোচিষ সরকারকে যুগ্ম আহ্বায়ক এবং কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক চলচ্চিত্র নির্মাতা ড. সাজ্জাদ বকুলকে সদস্য-সচিব করে একটি কমিটি করা হয়।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাজশাহীর সিটি মেয়র, সদর আসনের সাংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন উপাচার্য, ভাষাসৈনিক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও সংগীতজ্ঞরা ।

এ ছাড়া রাজশাহী শহর ও বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল বহু সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। জন্ম-উৎসব আয়োজনের জন্য মঞ্চসজ্জা, সাংস্কৃতিক, অর্থ, স্মরণিকা, প্রচার ও প্রকাশনা উপ-কমিটি নামে পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত