বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) রিপোর্ট প্রকাশের পর সরকারের কিছু আজ্ঞাবাহী বুদ্ধিজীবী অবান্তর কথাবার্তা বলছেন। তারা বলেছেন, গণতান্ত্রিক ধাপে বাংলাদেশ এগিয়েছে। কিন্তু বাস্তবে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থান তলানিরও নিচে অতলে নিমজ্জিত।’
গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্টের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি এ কথা বলেন। নির্বাচনের পর আইনশৃঙ্খলা বাহিনীর ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজ উৎসব’ নিয়ে বিস্ময় প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনে যে দল বিজয়ী হয়, সাধারণত তাদের কর্মীরাই উৎসব, ভোজ ইত্যাদিতে মেতে থাকে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটি রাজনৈতিক দলের তথাকথিত বিজয়ে উৎসব উদযাপন করেছে। এটা শুধু নজিরবিহীন ও হাস্যকরই নয়, হতবাক করা বিস্ময়ও বটে।’
