উদ্বোধনের দুই মাসেই ফেনীতে হুমকিতে সেতু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১২:৪৬ এএম

ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে সোনাগাজীতে সদ্য নির্মিত সাহেবের ঘাট সেতু। সেতুর দুই পাশে খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা। সেতুর ১০০ গজের মধ্যে অন্তত সাতটি খননযন্ত্র দিয়ে দেদার বালু উত্তোলনের ফলে সেতুসহ নদী তীরবর্তী ফসলি জমিতে ভাঙন দেখা দিলেও সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

গত ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাহেবের ঘাট সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে বালু উত্তোলন বন্ধ থাকলেও এর কয়েকদিন পর থেকে আবারও অবৈধভাবে বালু উত্তোলনে নেমেছে বালুদস্যুরা। ফলে প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নোয়াখালী ও ফেনী জেলার এই সংযোগ সেতুটি এখন হুমকির মুখে।

অতিরিক্ত বালু উত্তোলনের ফলে পশ্চিম চরদরবেশ ও পশ্চিম চরচান্দিয়া গ্রামের শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। বিস্তীর্ণ এলাকায় নতুন করে জেগে ওঠা দুটি চর ভাঙনের মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালু উত্তোলনের ফলে এর আগে নির্মাণাধীন সেতুটির গার্ডার ভেঙে কয়েকজন নির্মাণশ্রমিক আহত হয়। এছাড়া সেতুর বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিলে পরে তা সংস্কার করে উদ্বোধন করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলনের ফলে এলাকার কৃষিজমি ও স্থাপনা হুমকির মুখে থাকলেও বালুদস্যুদের থামানোর উদ্যোগ নেই।

তবে সোনাগাজী উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান ও বর্তমান ইউএনও সোহেল পারভেজ অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একাধিকবার অভিযান পরিচালনা করেন। সে সময় বেশ কয়েকটি খননযন্ত্র ধ্বংস করেন তারা। অভিযানের পর কয়েক দিন বন্ধ রাখলেও পরে আবারও বালু উত্তোলন শুরু করে প্রভাবশালীরা।

জসিম উদ্দিন নামে স্থানীয় এক কৃষক জানান, প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না। অতিরিক্ত বালু উত্তোলনের ফলে অনেকের বাড়িঘর ও ফসলি জমি নদীতে বিলীন হওয়ার পথে। পশ্চিম চরচান্দিয়া গ্রামের কৃষক আবুল কালাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তার দুই একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিনিও ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ বলেন, সেতুটির পাশে অবৈধ বালু উত্তোলন বন্ধে একাধিকবার অভিযান চালানো হয়েছে। বর্তমানে বালু উত্তোলন হচ্ছে কি না তা তার জানা নেই।  প্রভাবশালীদের অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ রয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত