ক্রিস্তিয়ানো রোনালদোর কারণে চ্যাম্পিয়ন্স লিগে অনেকবার দল ও নিজের স্বপ্ন ভেঙেছে বলে জানালেন জর্জো কিয়েল্লিনি। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে এবার সতীর্থ হিসেবে পেয়ে স্বস্তি বোধ করছেন ইউভেন্তুসের অভিজ্ঞ এই ডিফেন্ডার।
রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছরের বর্ণিল ক্যারিয়ারে ইতি টেনে গত জুলাইয়ে ইউভেন্তুসে নাম লেখান রোনালদো। ইতালির ক্লাবটিতে এরই মধ্যে নিজেকে মেলে ধরেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতায় ২৫ ম্যাচে করেছেন ১৫ গোল।
অন্যসব শিরোপায় নৈপুণ্য দেখালেও চ্যাম্পিয়ন্স লিগে শ্রেষ্ঠত্ব দেখাতে পারছে না ইউভেন্তুস। এর মধ্যে গত দুইবার ফাইনাল খেলেও চূড়ান্ত সাফল্য পায়নি দলটি। ২০১৪-১৫ মৌসুমে ফাইনালে বার্সেলোনার কাছে হারার পর ২০১৬-১৭ মৌসুমে রিয়ালের কাছে হারে তারা। কার্ডিফে রিয়ালের ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন রোনালদো।
চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে রিয়ালের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ইউভেন্তুস। তুরিনে শেষ আটের প্রথম লেগে ৩-০ গোলে হারার পর সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগে ৩-১ গোলের জয় পেয়েছিল দলটি। কিন্তু দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে পিছিয়ে থাকায় ছিটকে যেতে হয় সেরি আ চ্যাম্পিয়নদের। প্রথম লেগে জোড়া গোল করা রোনালদো ফিরতি লেগের যোগ করা সময়ে করেছিলেন ব্যবধান গড়ে দেওয়া গোলটি।
চ্যাম্পিয়ন্স লিগ মানেই রোনালদোর জ্বলে ওঠা। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়ালের হয়ে পাঁচবার শিরোপাটির দেখা পেয়েছেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। প্রতিযোগিতাটিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার দখলে।
যেই রোনালদোর কারণে চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের কয়েকবার স্বপ্ন ভেঙেছে সেই রোনারদোকে নিয়েই এবার শিরোপাটি জয়ের স্বপ্ন দেখছে তারা। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তা-ই বললেন ৩৪ বছর কিয়েল্লিনি।
“ক্রিস্তিয়ানো অনেকবার আমাদের বিপক্ষে গোল করেছে। কার্ডিফে, মাদ্রিদে, তুরিনে-অনেকবার আমাদের স্বপ্ন ভেঙেছে; আমার স্বপ্ন ভেঙেছে।”
“আগে চ্যাম্পিয়ন্স লিগ জয় আমাদের একটা স্বপ্ন ছিল। বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো সঙ্গে থাকায় এটা এখন টার্গেট। শেষ ধাপটা পার হতে তাকে আমাদের দরকার।”
“এটাই ক্রিস্তিয়ানোর ব্যক্তিত্ব। মাঠ ও মাঠের বাইরে তার দক্ষতা অসাধারণ। তার দৃষ্টিভঙ্গী, সে যেভাবে কাজ করে, যেভাবে ম্যাচের জন্য প্রস্তুত হয়, প্রতিটা দিন কিভাবে কাটায়- এসব আমাদের উন্নতিতে সহযোগিতা করে। সে আসায় দলটা বদলে গেছে।”
২০০৫ সাল থেকে ইউভেন্তুসের হয়ে খেলছেন কিয়েল্লিনি। অভিজ্ঞ এই ফুটলারের মতে, এবারের চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট দলের সংখ্যা চার-পাঁচটি। তাতে আছে ইউভেন্তুসও।
“আমি মনে করি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ-যে চার-পাঁচটি দল ফেভারিট এর মধ্যে আমরা অন্যতম। তবে পিএসজি ও আতলেতিকোও জয় পেতে পারে। আমরা এখনও অনেক দূরে, আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো ম্যাচ রয়েছে।”
