অল্প সময়ের ব্যবধানে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ গ্রাম থেকে দুই মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিখোঁজ ছাত্ররা হলো, দারুল উলুম মাদ্রাসার ছাত্র মো. রায়হান (১৫) ও আল-কাউসার মাদ্রাসার ছাত্র সফিউল আলম (১২)। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।
নিখোঁজ সফিউল আলমের পিতা জসিম উদ্দিন জানান, গত ১১ জানুয়ারি মকিমাবাদ গ্রামের ভাড়া বাসা থেকে জুমার নামাজ পড়তে গিয়ে সে আর বাসায় ফিরে আসেনি। পরদিন ১২ জানুয়ারি জসিম উদ্দিন ছেলে নিখোঁজের ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এর আগে গত ৬ জানুয়ারি রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত মাতৈন মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিক শাখার ছাত্র রায়হান নিখোঁজ হয়। পরদিন ৭ জানুয়ারি রায়হানের বাবা সোহাগ মিয়া হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান বলেন, দুই ছাত্রকে খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে। নিখোঁজ রায়হানের পরিবারকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে ভুল তথ্য দেওয়া হচ্ছে। ফোনকারীরা পরে মোবাইল বন্ধ করে রাখছে। তাদেরকে ধরার জন্যে পুলিশ তৎপর রয়েছে।
