হেফাজতের বিবৃতি ড. কামালের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৩:৪০ এএম

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে নিয়ে ড. কামাল হোসেনের বক্তব্য কুরুচিপূর্ণ বলে দাবি করেছেন সংগঠনটির ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত আমিনী। গত মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের আমিরের বিরুদ্ধে নয়, ব্যবস্থা নিতে হলে অরাজকতা সৃষ্টিকারী ড. কামালের বিরুদ্ধেই নিতে হবে।’

তিনি বলেন, ‘ড. কামাল হোসেন এক বিবৃতিতে আহমদ শফীকে নারীবিদ্বেষী, স্বাধীনতার চেতনাবিরোধী, সংবিধানবিরোধী, ফতোয়াবাজ, ধর্মের অপব্যাখ্যাকারী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আমরা মনে করি ড. কামাল হোসেনের এই বক্তব্য সম্পূর্ণ শিষ্টাচারবহির্ভূত ও আক্রমণাত্মক। তার বক্তব্যে দেশের ধর্মপ্রাণ মানুষ মর্মাহত হয়েছে।’ বিবৃতিতে হেফাজতের এ নেতা অভিযোগ করেন, ঐক্যফ্রন্টের নামে বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে এখন আল্লামা শফীর বক্তব্যকে ইস্যু বানিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছেন ড. কামাল। বক্তব্য প্রত্যাহার করে দ্রুত ‘ক্ষমা’ না চাইলে ‘ইসলামপ্রিয় জনতা’ ড. কামালকে দেশ থেকে বিতাড়িত করবে বলেও বিবৃতে উল্লেখ করেন হাসনাত আমিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত