পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০২:১০ এএম

সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল। গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ৯ দিনব্যাপী এই আয়োজনের সমাপনী। এ দিন বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের সমাপনী আসরে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব আবদুল মালেক। সমাপনী আয়োজনে বিভিন্ন বিভাগে সেরা চলচ্চিত্র, নির্মাতা, সিনেমাটোগ্রাফার, অভিনেতা ও অভিনেত্রীদের পুরস্কার প্রদান করা হয়।

এবারের আসরে সেরা শিশু চলচ্চিত্র হিসেবে ‘বাদল রহমান’ পুরস্কার পেয়েছে কাজাখস্তানের তালগাট তেমেনভের ‘লিটল প্রিন্স অব আওয়ার সিটি’। সেরা অডিয়েন্স পুরস্কার পেয়েছে ভারতের শ্রীজিত মুখার্জির ছবি ‘এক যে ছিল রাজা’। জুরিদের বিবেচনায় বেস্ট ক্রিটিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছে বাংলাদেশের মাসুম আজিজের ছবি ‘সন্তান গল্প’ (এনশোন্ট ট্র্যাপ), উইমেন ফিল্মমেকার বিভাগে সেরা শর্টফিকশন চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে যুক্তরাজ্যের ফাতেমা আহমাদির ‘বিটার সী’, একই বিভাগে বিশেষ ক্যাটাগরি ডকুমেন্টারির পুরস্কার অর্জন করেছে ইউএসএ, বুলগেরিয়া ও ইতালির প্রামাণ্যচিত্র ‘বারকিনেবল বাউন্টি’, একই বিভাগে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যের যৌথ প্রামাণ্যচিত্র লিসা গাজীর ‘রাইজিং সাইলেন্স’। এছাড়া একই বিভাগে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে ফিলিপাইনের ডিনাইজ ও হারার ছবি ‘মামাং।

মমতাজ উদদীন আহমদের ৮৫তম জন্মদিন

প্রখ্যাত নাট্যকার ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজ উদদীন আহমদের ৮৫তম জন্মদিন উপলক্ষে ‘আনন্দ আয়োজন’ অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই আয়োজনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, বিশ্বজিৎ ঘোষসহ অনেকে। শারীরিক অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাজ উদদীন আহমদ। আয়োজনটি সাজিয়েছিল ‘মমতাজ উদদীন আহমদ জন্মদিন উদযাপন পর্ষদ’। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

‘অশ্রুতলে লুকিয়ে রাখি সহযাত্রীর শব’

‘অশ্রুতলে লুকিয়ে রাখি সহযাত্রীর শব’ শিরোনামের অনুষ্ঠান আয়োজন করেছিল ঢাকা থিয়েটার। এই আয়োজনে স্মরণ করা হয় সংগঠনটির অন্যতম সদস্য নাট্যাচার্য সেলিম আল দীন এবং সদ্যপ্রয়াত সাইদুল আনাম টুটুল, শাহজাহান কবীর ও কাজী শাহাবুদ্দিন শাহজাহান বেবীকে। সেলিম আল দীন ২০০৮ সালে প্রয়াত হন এবং সম্প্রতি প্রয়াত হন বাকি তিনজন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলের লবিতে স্মরণ আয়োজনে উপস্থিত ছিলেন আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, আফজাল হোসেন, হুমায়ুন কবীর হিমু, কামাল বায়েজিদসহ অনেকে।

পদাতিকের প্রতিষ্ঠাবার্ষিকী

আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৪১তম বর্ষ উদযাপন করেছে নাটকের দল পদাতিক নাট্য সংসদ। গতকাল বিকেলে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তন থেকে আনন্দ শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন দলের শিল্পীরা। দলের নিজস্ব প্রযোজনার নাটক ‘গুনজান বিবির পালা’র মঞ্চায়নের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। সায়িক সিদ্দিকী রচিত ও নির্দেশিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, জয় মণ্ডল, সালমান শুভ, ইকরাম, শরীফুল ইসলাম, মো. ইমরান, জিতু, আবু সাইদ, পৃথা, জীবন, শোভন, প্রান্ত, কণিকা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত