বারিধারা থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০২:১২ এএম

রাজধানীর ডিওএইচএস বারিধারা থেকে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। গতকাল শুক্রবার সকালে একটি বাসার তালা ভেঙে এগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৫০টি ডেটোনেটর (বিস্ফোরক), ২টি বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড গুলি, ২টি শটগান ও ২ রাউন্ড গুলি। অভিযানে ৭টি জিহাদি বই, ৩ লাখ টাকা এবং ৩ লাখ বাংলাদেশি জাল টাকাও উদ্ধার হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান জানান, ক্যান্টনমেন্ট থানা এলাকার বারিধারা দুই নম্বর সড়কের ১৮৪ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা অস্ত্র ও গোলাবারুদসহ বসবাস করছে এমন তথ্য জানতে পারে কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে আদালতের তল্লাশি পরোয়ানা নিয়ে সেখানে অভিযান চালানো হয়। তখন বাসায় কেউ না থাকায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন পুলিশ সদস্যরা।

এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় আলাদা তিনটি মামলা হয়েছে জানিয়ে ওবায়দুর রহমান বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত