ঢাকা, নারায়ণগঞ্জে বিদ্যুৎ সরবরাহে দুই হাজার কোটি টাকার প্রকল্প

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০২:১৩ এএম

শহর এবং শিল্প এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বিনিয়োগে উৎসাহী করতে হলে সবার আগে বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন দরকার। তারই অংশ হিসেবে ঢাকার কেন্দ্র ও দক্ষিণ-পশ্চিম জোন এবং নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় সরবরাহ শতভাগ নিশ্চিত করতে দুই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে ডিপিডিসি (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড)।

ডিপিডিসির কর্মকর্তারা জানান, প্রধানত ঢাকার কেন্দ্র ও দক্ষিণ-পশ্চিম জোন এবং নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ২০১৯-২০২২ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রকল্পটি হাতে নিয়েছে। এর আওতায় ৩৩/১১ কেভি ক্ষমতার পুরনো সাবস্টেশন পরিবর্তন, ১৬৫ কিলোমিটার নতুন উৎস লাইন নির্মাণ, ৩৩ হাজার ১৫৭টি বৈদ্যুতের খুঁটি বসানো এবং এক হাজার ৬৪২ কিলোমিটার লাইন সংস্কার করা হবে। সেই সঙ্গে ১১ কেভির ৩৬১ কিলোমিটার ভূগর্ভস্থ লাইন এবং দুই হাজার ৫৭৫টি ট্রান্সফরমার বসানোও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।

ডিপিডিসির নির্বাহী পরিচালক রমিজ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, গত বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত গত সরকারের সর্বশেষ একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বৈঠকে প্রকল্পটি অনুমোদন করা হয়। এর মধ্যে সরকার দেবে এক হাজার ৮৮২ কোটি টাকা এবং ডিপিডিসির নিজস্ব তহবিল থেকে আসবে ৭৮ কোটি টাকা।

‘আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি ২০৩০ সাল পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুবিধা দেবে এবং তা বজায় রাখার জন্য আরেকটি নতুন প্রকল্পের দরকার হবে।’ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য বিদ্যুৎ এবং আগামীতে নতুন শিল্প-কারখানা গড়ে ওঠার জন্য বিদ্যুৎ সংযোগের ওপর গুরুত্ব দেওয়া হবে। এখন সরকারের অগ্রাধিকার খাত হলো শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ উৎপাদনে সফলতা অর্জনের পর বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা উন্নয়নে সরকারের যে বর্তমান লক্ষ্যমাত্রা রয়েছে তার অংশ হিসেবে এ নতুন প্রকল্প নেওয়া হয়েছে। দেশে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কেন্দ্র স্থাপনের মাধ্যমে উৎপাদন রেকর্ড ১১ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। কিন্তু দুর্বল বিতরণ ও সঞ্চালন নেটওয়ার্কের কারণে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত