নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ ও ফল প্রত্যাখ্যানের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট সুষ্ঠু না হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাস করলেন কীভাবে?
রোববার রাজধানীর বনানীতে সেতু বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
নির্বাচন নিয়ে বিএনপির নানা অভিযোগ ও ফল প্রত্যাখ্যানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটা পরাজিতদের মুখে ব্যর্থতার প্রলাপ। ভোট সুষ্ঠু না হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাস করলেন কীভাবে?
বিএনপির ‘ভুল’ রাজনীতি ও মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, আগে বিএনপির ঘর সামলাতে হবে, নেতার পরিবর্তন দরকার। এখন ফখরুল সাহেবকে নিজ দলের লোকজন দালাল বলছেন। আরও অনেক কথা হয়তো বা আসবে।
ভোট নিয়ে জাতিসংঘের সংলাপের তাগিদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতিসংঘ সংলাপের কথা বলেনি, তবে গণতান্ত্রিক রাষ্ট্রে সংলাপ হতে পারে। প্রয়োজন হলে বিষয়টি পরে দেখা হবে।’
বিশ্বের কোনো দেশে নিখুঁত নির্বাচন হয় না দাবি করে তিনি বলেন, ‘জাতিসংঘ বলেছে নির্বাচন নিখুঁত হয়নি। আমার প্রশ্ন- বিশ্বের এমন কোনো দেশ কি দেখাতে পারবেন, যেখানে নিখুঁত ভোট হয়। নির্বাচনে কোনো না কোনো খুঁত থাকেই।’
এসময় দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা কর্মকর্তাদের জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকারের বড় জয়ে বড় চ্যালেঞ্জ আছে। দুর্নীতিকে জিরো টলারেন্সে রাখবেন। না হলে বড় বড় প্রকল্প শেষ করা যাবে না। এমন কাজ করবেন না যাতে সরকারের সুনাম ক্ষুণ্ন হয়।
পদ্মা সেতুর কাজ ২০২২ সালে শেষ হবে জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৬৩ শতাংশ হয়েছে। কর্ণফুলী টানেলের অগ্রগতি হয়েছে ৩০ শতাংশ। ২০২২ সালে কাজ শেষ হবে।
