মালিতে সন্দেহভাজন ইসলামপন্থীদের হামলায় কমপক্ষে ১০ জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।
জাতিসংঘের একটি ক্যাম্পে হামলা চালালে শাদের এসব সেনা হতাহত হয় বলে জানায় বিবিসি।
জাতিসংঘ জানায়, আফ্রিকার দেশ মালির আগেলোকে রোববার সকালের দিকে এই হামলার ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ওই হামলা প্রতিহত করা হয়।
গত ২০১৩ সালে মালিতে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে দেশটিতে জাতিসংঘ শান্তি মিশন স্থাপন করা হয়।
এরপর থেকে জঙ্গিরা অনেকটা নিয়মিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এবং মালির সেনাদের ওপর হামলা চালিয়ে আসছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরিব’ সর্বশেষ হামলার দায় স্বীকার করেছে।
প্রসঙ্গত, ২০১২ সালে জিহাদিরা মালির বড় একটি অংশ দখল করে নেয়। পরের বছর ফ্রান্সের সেনাবাহিনীর নেতৃত্বে তাদের পিছু হটিয়ে দেওয়া হয়। একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল আফ্রিকার এই দেশটি।
