৩৩৫০ কোটি টাকা বিনিয়োগ করবে আদানি-উইলমার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১০:৪৩ পিএম

ভারতের বিখ্যাত আদানি গ্রুপ এবং সিঙ্গাপুরের উইলমার গ্রুপের যৌথ উদ্যোগে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ তিন হাজার ৩৫০ কোটি টাকা। গতকাল প্রতিষ্ঠান দুটির সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষের (বেজা) জমি ইজারা সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের সময় বিনিয়োগের জন্য মৌখিক প্রস্তাব দেয় উইলমার। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন শেষে ১০০ একর জমির প্রস্তাব দেয় তারা। বছরভিত্তিক ভাড়ার বিনিময়ে এ চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। প্রতিষ্ঠান দুটি ছয় মাসের মধ্যে উন্নয়নকাজ শেষ করে আগামী তিন বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা করছে। তারা ১১টি কারখানা স্থাপন করবে। তাতে মূলত খাদ্য ও কৃষিজাত পণ্য উৎপাদন হবে। বেজা জানায়, প্রতিষ্ঠান দুটির কারখানাগুলো চালু হলে প্রায় ৩৫০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমদানি-বিকল্প পণ্য তৈরির পাশাপাশি রপ্তানি পণ্য তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। তারা নিজস্ব অর্থায়নে অত্যাধুনিক প্রযুক্তির বর্জ্য শোধনাগার এবং অন্যান্য স্থাপনা যেমন লজিস্টিক ইয়ার্ড ও ওয়্যার হাউস গড়ে তুলবে। বর্তমানে  উইলমার  ও আদানির যৌথ বিনিয়োগে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড রূপচাঁদা ব্র্যান্ডের ভোজ্যতেল শোধন ও বিপণন করছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতি বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আদানি ও উইলমারের প্রস্তাব বাস্তবায়িত হলে উন্নতমানের খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের পণ্য তৈরি হবে। এতে দেশের ভোক্তারাও উপকৃত হবেন। অনুষ্ঠানে আদানি এবং উইলমার যৌথ কোম্পানির পক্ষে ইনাম আহমেদ এবং বেজার পক্ষে নির্বাহী সদস্য মোহাম্মদ আইয়ুব জমি ইজারা চুক্তিতে স্বাক্ষর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত