নির্বাচনে ভরাডুবি হবে জেনেই বিএনপি প্রচারে নামেনি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, তারা নির্বাচনী প্রচার ঠিকভাবে করেনি। বেশিরভাগ জায়গায় প্রার্থীরা প্রচারে নামেননি। অর্থাৎ তারা আগে থেকেই অনুধাবন করতে পেরেছিলেন, তারা নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হতে যাচ্ছেন।
গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। তার বক্তব্যে সেটিই উঠে এসেছে। রিজভী গত রবিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে অনেক বিষোদগার করেন জানিয়ে এ মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি আরও বলেন, আমি রিজভী আহমেদকে বলব যে, প্রতিদিন সংবাদ সম্মেলন করে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বকে তুলে ধরার চেয়ে বরং আপনাদের উচিত, এই নির্বাচনে কেন আপনারা এভাবে পরাজিত হলেন, সেই বিশ্লেষণ করা।
