বেসরকারি শিক্ষক নিয়োগ পাঁচ শতাধিক ভুয়া আবেদন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০২:২৮ এএম

সারা দেশে বেসরকরি শিক্ষক নিয়োগে ৫ শতাধিক ভুয়া আবেদন ও শূন্য পদের তালিকা শনাক্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ কারণে এসব আবেদন বাতিল ও ভুয়া আসনগুলোতে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ।

এনটিআরসিএ জানায়, ১ম থেকে ১৪তম নিবন্ধনধারীদের মধ্যে জাতীয় মেধা তালিকা প্রণয়ন করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার শূন্য আসনের বিপরীতে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়োগের জন্য সারা দেশ থেকে ৭ লাখ আবেদনকারীর কাছ থেকে প্রায় ৩০ লাখ সংখ্যক আবেদন পেয়েছে এনটিআরসিএ। পাশাপাশি এবার এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকদের সুবিধামতো প্রতিষ্ঠানে চাকরি পেতে ৩৫ বছর বয়সসীমা শিথিল করে আবেদন করার সুযোগ দেওয়া হয়।

এনটিআরসিএ আরও জানায়, আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর দেশের বিভিন্ন জেলায় ২ শতাধিক শূন্য আসনের হদিস পাওয়া যায়নি। পরে সে সব প্রতিষ্ঠান কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও ভুলক্রমে হয়েছে জানিয়ে ক্ষমা প্রার্থনা করেছে।

এছাড়াও ইনডেক্সধারীদের সুবিধামতো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার সুবিধা দিতে তাদের বয়সসীমা শিথিল করে শূন্যপদে আবেদন করার সুযোগ দেওয়া হয়। অথচ অনেকে ইনডেক্সধারী না হলেও অন্যের ইনডেক্স নম্বর দিয়ে আবেদন করেছেন, এমন ৩ শতাধিক আবেদন শনাক্ত করা হয়েছে। এরপর সে সব আবেদন বাতিল করেছে এনটিআরসিএ

কর্র্তৃপক্ষ।

জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বলেন, শিক্ষক নিয়োগের জন্য সারা দেশ থেকে পাওয়া প্রায় ৪০ হাজার আসনের মধ্যে প্রায় ২০০ আসনের হদিস পাওয়া যায়নি। পরে আমরা যোগাযোগ করলে শিক্ষাপ্রতিষ্ঠান কর্র্তৃপক্ষ তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করায় সে সব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ইনডেক্সধারী না হলেও বেশ কিছু আবেদনকারী অন্যের নম্বর উল্লেখ করে আবেদন করেছেন। কেউ কেউ না বুঝে অফিস সহকারীর নম্বর উল্লেখ করে শিক্ষক পদে আবেদন করেছেন। এসব আবেদন শনাক্ত করে বাতিল করা হয়েছে।

চেয়ারম্যান আরও বলেন, ৪০ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আশা করছি চলতি সপ্তাহেই এর তালিকা প্রকাশ করতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত