আরিফিন শুভ ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত দ্বিতীয় সিনেমা ‘আহা রে’র ট্রেলার উন্মুক্ত হয়েছে মঙ্গলবার রাতে। এতে ঢাকা-কলকাতার দর্শকদের প্রশংসা পাচ্ছেন ঢালিউডের নায়ক।
এর আগে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’-এ অভিনয় করেন ঢাকা-কলকাতার দুই তারকা। আর ট্রেলারে আকর্ষণ হিসেবে পাওয়া গেল সেই আলমগীরকেই। সঙ্গে আছেন পরান বন্দ্যোপাধ্যায়সহ কলকাতার একাধিক পরিচিত মুখ।
দুই বাংলার রান্নার গল্প নিয়ে নিয়ে রঞ্জন ঘোষ নির্মাণ করলেন ‘আহা রে’। ছবিতে বাংলাদেশি তরুণ ফারাজ চৌধুরী চরিত্রে আছেন শুভ। যাকে একজন পেশাদার রাঁধুনি হিসেবে দেখা যাবে।
অন্যদিকে কলকাতার ঋতুপর্ণা হোম কাটারিং সার্ভিসের রাঁধুনি। তিনি ঘরে তৈরি খাবার খাবার সরবরাহ করে থাকেন।
ঘটনাক্রমে কলকাতায় দেখা হয় শুভ ও ঋতুপর্ণা। তাদের কাছেও আনে রান্না। সেই সূত্রে সম্পর্ক ও নানা নাটকীয়তা। এ সবের ফাঁকে ফাঁকে গল্পে উঠে আসবে রান্না, বাঙালিয়ানা ও ধর্ম।
‘আহা রে’র কাহিনি, চিত্রনাট্য লিখেছেন পরিচালক রঞ্জন ঘোষ নিজেই। নিবেদন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মুক্তি পাবে ২২ ফেব্রুয়ারি। পরবর্তীতে সাফটা বিনিময় চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেতে পারে।
