বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী ফিলিপাইন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০১:২০ এএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, ফিলিপাইন বাংলাদেশ থেকে ওষুধ কিনতে  আগ্রহী। এ ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রায় ৭ মিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি হয়। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

গতকাল বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্টে ভিভেনসিও টি. ব্যান্ডিলোর সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফিলিপাইন বাংলাদেশে বৈদ্যুতিক সামগ্রী, এগ্রো ফুড প্রসেসিং ও চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সেবা খাতে ফিলিপাইনের কিছু জনবল বাংলাদেশে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিশেষ অর্থনেতিক অঞ্চলে ফিলিপাইন বিনিয়োগ করবে। বর্তমানে ফিলিপাইনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য খুব বেশি নয়। বাংলাদেশ ফিলিপাইনে প্রধানত তৈরি পোশাক শিল্পের এক্সেসরিজ, ওষুধসহ কিছু পণ্য রপ্তানি করে আসছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত অর্থবছর বাংলাদেশ ফিলিপাইনে ৪৭ দশমিক শূন্য ৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময় ৮ দশমিক শূন্য ৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। উভয় দেশ বাণিজ্য বাড়াতে আগ্রহী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত