ফিরেছেন তাসকিন সাব্বিরের ফেরা নিয়ে অন্তহীন প্রশ্ন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৩:১৩ এএম

নিদারুণ বিরক্ত হয়ে উঠলেন প্রধান নির্বাচক। শেষ প্রশ্নটা শেষও করতে দিতে চাইলেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ‘আপনারা একটা প্রশ্নই বারবার করছেন। টিম ম্যানেজমেন্ট যদি একজন খেলোয়াড়কে চায়, তার প্রতি যদি তাদের আস্থা থাকে নির্বাচক প্যানেল অবশ্যই সেটা গ্রহণ করতে পারে।’ মিনহাজুল আবেদিন নান্নুর কথাটা কেড়ে নিয়ে প্রশ্নকর্তার অনুরোধ, ‘প্রশ্নটা শেষ তো করতে দিন আগে।’

ফেব্রুয়ারি-মার্চের নিউজিল্যান্ড সফরের জন্য গতকাল সন্ধ্যায় বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাদের ফেরার কথা আগেই শোনা গিয়েছিল সেই সাব্বির রহমান ও তাসকিন আহমেদ ফিরেছেন ওয়ানডে দলে। তাসকিন ফিরেছেন টেস্ট দলেও। ১৫ সদস্যের দলে নতুন মুখ টিনএজ অফ স্পিনার নাঈম হাসান। কিন্তু ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাব্বিরকে নিয়ে প্রশ্ন ছুটে গেল বারবার। একের পর এক জবাব ও ব্যাখ্যা দিতে দিতে শেষে মহা বিরক্ত প্রধান নির্বাচক নান্নু। এর আগেই তার সাফ জবাব, ‘এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের পছন্দের।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হোম সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস, অলরাউন্ডার আরিফুল হক, পেসার আবু হায়দার, বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম। ঘরের দলটা ১৬ সদস্যের ছিল। আরিফুল টেস্ট দলের জায়গাও হারিয়েছেন। বাদ সৌম্য সরকারও। তামিম ইকবাল, তাসকিন ও আবু জায়েদ রাহী টেস্টে ফিরেছেন। আরেকজন পেসারকে নেওয়া হবে পরে।

সাব্বিরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি। ১৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে। কিন্তু এখন কীভাবে সাব্বির দলে সেই প্রশ্নে নান্নু জানালেন, ‘জানুয়ারির ৩১ তারিখের পর থেকে তাকে পাওয়া যাচ্ছে। এটা আপনাদের বলা হয়নি, ওর শাস্তি এক মাস কমিয়ে আনা হয়েছে।’ সাব্বিরের প্রসঙ্গে আগেই বলে নিয়েছেন, ‘এটা তো ডিসিপ্লিনারি কমিটির ব্যাপার।’

প্রশ্ন উঠল, কবে এই সিদ্ধান্ত হলো ইত্যাদি ইত্যাদি। প্রধান নির্বাচক প্রশ্নোত্তরের যবনিকা টানতে চাইলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে টেনে এনে, ‘এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালোভাবে আমাদের দাবি জানিয়েছে এবং আমরা দুজনই একমত হয়েছি। ওরা এমন একজনকে চাচ্ছে যারা লোয়ার মিডল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। বিশ্বকাপের প্ল্যান করে, নিউজিল্যান্ডের প্ল্যান করেই ওকে নেওয়া হয়েছে। দেখা যাক।’ গত বছর জুলাইয়ে শেষ ওয়ানডে খেলা সাব্বিরকে নিয়ে নান্নু বলছিলেন, ‘অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তার ব্যাপারে। আমিও আশাবাদী সে ফিরে আসবে।’

সাব্বিরকে নিয়ে প্রশ্ন শেষই হয় না। মাত্র তো একটা ৮৫ রানের ইনিংস সেদিন বিপিএলে। এর বাইরে? শৃঙ্খলার ব্যাপারে কি শুধরে গেছেন? এমন আরও। পাশে বসা হাবিবুল বাশারও জবাব দিতে যোগ দেন। আরও ভালো করে বোঝানোর মতো করে নান্নু বলেন, ‘ক্যাপ্টেন-টিম ম্যানেজমেন্টের প্ল্যান থাকে। তখন নির্বাচকদের সেই প্ল্যানের সঙ্গে অবশ্যই যেতে হয়।’ এরপরও প্রশ্ন এলে ধৈর্য হারান নান্নু।

ইমরুল এক সিরিজ আগেও জিম্বাবুয়ের বিপক্ষে দুরন্ত ফর্মে ছিলেন। উইন্ডিজের বিপক্ষে মøান। তাকে ওয়ানডে থেকে ছেঁটে ফেলার প্রশ্নে নান্নু জানালেন, ‘বর্তমান ফর্ম ও কন্ডিশন চিন্তা করে ওকে বাদ দেওয়া হয়েছে।’ মানে পরে আয়ারল্যান্ড সফর ও ইংল্যান্ডের বিশ্বকাপ ইমরুলের জন্য মরীচিকা হয়ে থাকার শঙ্কা প্রবল। তাসকিন গতকালের আগ পর্যন্ত ১৭ উইকেট নিয়েছেন বিপিএলে। ইনজুরি ও ফর্মহীনতার সমস্যা কাটিয়ে ওয়ানডে ও টেস্ট দলে ফিরলেন ২০১৭ অক্টোবরের দক্ষিণ আফ্রিকা সফরের পর। রাহী শেষ সিরিজটা মিস করেছেন।

বাংলাদেশ নিউজিল্যান্ডে আগে খেলবে ওয়ানডে সিরিজ। প্রথমবারের মতো তিন টেস্টের সিরিজ তারপর। সফর শেষ হবে ২০ মার্চ।

ওয়ানডে দল : মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান।

টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাদমান ইসলাম, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত