ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ১১ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সকাল ৮টা থেকে অপরাহ্ণ ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলবে। গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসু’র সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন।
এর আগে, গতকাল বিকেল সাড়ে ৩টায় ও সাড়ে ৪টায় উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডাকসু ও হল সংসদ নির্বাচন বিষয়ে হল প্রাধ্যক্ষ এবং ডাকসু নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সঙ্গে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপাচার্য ডাকসু নির্বাচনের এই তারিখ নির্ধারণ করেন। এর আগে ১৯৯০ সালে সর্বশেষ নির্বাচন হয়। এতে ভিপি ও জিএস নির্বাচিত হয়েছিলেন ছাত্রদলের আমানউল্লাহ ও খায়রুল কবির খোকন।
