বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পাল্টে যাচ্ছে সোনাগাজীর জীবনধারা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০১:৫১ এএম

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়নের ঢেউ এসে পড়ছে ফেনীর সোনাগাজীতে। এ উপজেলার প্রত্যন্ত চর নাসরিনে। ইতোমধ্যে এ চরের ভূমি ও অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। অর্থনৈতিক অঞ্চলটির সোনাগাজী অংশে নির্মাণ হবে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা।

ডিসেম্বরের শেষ দিকে সোনাগাজী এলাকার চর নাসরিনে ভূমি ও অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশন ২৯ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকার কাজ ২০১৭ সালের জুনে হাতে নিয়েছে। এভাবে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময় বেঁধে দিয়ে কাজ দেওয়া হয়েছে।

এই অর্থনৈতিক অঞ্চলে বেজার মাধ্যমে রোপণ করা হবে ২০ লাখ গাছ। ৩০ হাজার একর জমির মধ্যে মিরসরাইয়ের এক হাজার ৩০০ এবং সোনাগাজীর সাত হাজার একর জমি অধিগ্রহণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

শিল্প স্থাপনে উপযোগী করার জন্য সোনাগাজীর ৫৫০ একর জমিতে কাজ শুরু হয়েছে। জুনের মধ্যে শেষ হবে ভূমি উন্নয়নের কাজ। এর পরই এখানে গড়ে উঠবে বিমানবন্দর, মিনি নৌবন্দর, সৌর বিদ্যুৎকেন্দ্র, জাহাজ নির্মাণশিল্প, অটোমোবাইলসহ ভারী শিল্প-কারখানা। শিল্পনগরীতে স্থাপিত হবে ২০০ কারখানা। প্রাথমিক পর্যায়ে এর নির্মাণব্যয় ধরা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম জানান, উপকূলীয় অঞ্চল সোনাগাজীতে জেগে ওঠা চরে দেশের বৃহত্তম শিল্পাঞ্চল গড়ে উঠছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তত্ত্বাবধানে এটি ক্রমশ দৃশ্যমান হচ্ছে। এ প্রকল্পের পুরো কাজ শেষ হলে অবহেলিত এ জনপদে উন্নয়নের ছোঁয়া লাগবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত