নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে মিরাজ ও বশির নামে দুই ছাত্রলীগ কর্মীকে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলির দৌলতদিয়াড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে মিরাজকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকাতে নেওয়া হয়েছে।
এ ঘটনার পর শহরে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় দক্ষিণ পাড়া এলাকায় অবস্থান করছিল ছাত্রলীগের বেশ কয়েকজন সদস্য। এর কিছুক্ষণ পরই প্রতিপক্ষ দলের ৮/১০ সদস্য তাদের ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিরাজ ও বশির নামে দুই কর্মী মারাত্মক জখম হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত মিরাজের বাম পায়ের রড কেটে গেছে। শরীরেও অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার কারণে তাকে ঢাকায় নিতে বলা হয়েছে। অপর আহত বশিরকে চুয়াডাঙ্গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম জানান, নিজেদের মধ্যে কোন্দলের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা রোধে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে চেকপোস্ট।
