নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারা পুলিশের এক সদস্যের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্কুলছাত্রীর পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই ফরিদ আহমেদ জানান, গত বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার তারাব এলাকার ওই কিশোরী ছাতিয়ান এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার রাতে ওই এলাকায় ওয়াজ মাহফিল শুনে খলিল নামের এক ব্যক্তির দোকান থেকে সদাই কিনে নানার বাড়ি ফিরছিল সে। পথে ছাতিয়ান এলাকার বাসিন্দা ও কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারা পুলিশ সদস্য মৃদুল হাসান, তার সহযোগী সিয়াম ও নিজামউদ্দিন স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয় আবুবক্করের বাড়ির বাঁশঝাড়ের পাশে নির্জন জায়গায় নিয়ে মৃদুল হাসান তার সহযোগীদের সহায়তায় কিশোরীকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন কিশোরীর আর্তনাদ শুনে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনায় শিক্ষার্থীর মা গতকাল শনিবার সকালে বাদী হয়ে তিনজনকে আসামি করে রূপগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি আবদুল হক বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমরা এ ঘটনায় একটি মামলা নিয়েছি। কারা পুলিশ সদস্যসহ বাকিদের ব্যাপারে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
