সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেশে হুমকি দেওয়া, চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের প্রত্যেককে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। গত শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইমের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গতকাল শনিবার তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
ডিএমপির এক কর্মকর্তা জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খালিদ বিন বাশার নাহিদ, আক্তারুজ্জামান ওরফে কাজল, আবদুর রউফ ও আনিসুজ্জামান ওরফে তপনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ডিএমপির মনোগ্রামযুক্ত ভিজিটিং কার্ড ও ফাঁকা সাধারণ ডায়েরির (জিডি) কপি জব্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবাইদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছদ্মবেশে তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তারা বিভিন্ন ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাদের কাছে এসএমএস পাঠায়। পরবর্তী সময়ে তারা ফোনে সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশ ধারণ করে হুমকি প্রদান করে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ছেলেমেয়েদের অপহরণ করবে বলে হুমকি দেয়। এ ছাড়াও তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাগজপত্র জাল করে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে।’
