বেলাল খানের সঙ্গে ওপার বাংলার কণ্ঠশিল্পী অন্বেষা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০২:৩৮ পিএম

‘বেঁচে থাকার জন্যে, দু হাত রাখার জন্যে,অভিমানের জন্যে, কেউ একজন লাগে।’এই কথাগুলো যেন প্রতিটি মানুষের হৃদয়ের কথা। প্রতিটি মানুষ মনের অজান্তেই হয়তো এই প্রত্যাশাটুকু করে যায় প্রতিনিয়ত। আর গান তো মানুষের মনের কথাই বলে। হ্যাঁ পাঠক, ঠিক ধরেছেন। উপরের কথাগুলো একটি গানের শুরুর কথা। যা আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং ভিডিও দেখেছেন। গানের শিরোনাম ‘বেঁচে থাকার জন্যে’। জুলফিকার রাসেলের কথায় গানটির সুর করেছেন বেলাল খান। গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্বেষা। সংগীতায়োজনে ছিলেন মীর মাসুম। গত ২৬ জানুয়ারি, শনিবার  ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে গানটির ভিডিও।

গানের কথার সঙ্গে মিল রেখে হৃদয়স্পর্শী গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে মডেল হিসেবে আছেন মুশফির আর ফারহান (আর.জে ফারহান) ও পার্শা ইভানা।

নিজের নতুন গান প্রসঙ্গে বেলাল বলেন- ‘গানটির কথা অসাধারণ, সুর, সংগীত এবং গায়কিতে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। অন্বেষাও দারুণ গেয়েছে। ভিকি জাহেদের নির্মাণ সম্পর্ক নতুন করে কিছু বলার নেই। গানের সঙ্গে মিল রেখে সুন্দর মিউজিক ভিডিও নির্মাণ এবং ইভানা ও ফারহানের ভিন্নধর্মী রোমান্টিক দৃশ্য দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। শ্রোতা-দর্শকদের ভালোবাসাই তার প্রমাণ। গানটি প্রকাশের পর থেকেই খুব ভালো রেসপন্স পাচ্ছি।”

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত