নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার দুপুরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় ওবায়দুল কাদের এক বিশাল জনসভায় বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন। হাতিয়া দ্বীপ কলেজ মাঠে আয়োজিত ওই জনসভায় আরও বক্তব্য রাখেন পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সাবেক সংসদ সদস্য মো. আলী, হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক অলি উল্লা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি তাদের পুনঃ আস্থা জ্ঞাপন করে বিশাল বিজয়ের মাধ্যমে তাকে পুনরায় প্রধানমন্ত্রী করেছেন। তাই এ জনগণের প্রতি, জনগণের রায়ের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে। জনগণের প্রতি ভালো আচরণ করতে হবে। জনগণের সঙ্গে নেতা নেতা ভাব দেখানো যাবে না। ক্ষমতার দাম্ভিকতা দেখালে এ জনগণ তা মনে রাখবে, এটা মনে রাখতে হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে আসবে কি আসবে না তা তাদের ওপর নির্ভর করে। একটি দল নির্বাচনে অংশগ্রহণ না করলে যে পরিণতি হয় তা তারা অচিরেই ভোগ করবে। এতে তারা নতুন নতুন সংকটে পতিত হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সংসদ নির্বাচনে মহা-পরাজয়ের পর রাজনীতির মহা দুর্যোগে পতিত হয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে। পথ হারিয়ে তারা তালগোল পাকিয়ে ফেলেছে বলে তিনি উল্লেখ করেন। এ দেশের মানুষ মুসলিম লীগ দেখেছে যা বিরল প্রজাতির মতো বিলুপ্ত হয়ে গেছে। বিএনপিও একই পরিণতি ভোগ করবে।
মন্ত্রী বলেন, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন বয়কটের মাধ্যমে তারা নিজেদের আরও সংকুচিত করার আত্মঘাতী পথ বেছে নিয়েছে। তিনি বিএনপির উদ্দেশে বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন, জনগণের বিশ্বস্ত হয়ে রাজনীতি করুন। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোন দিন কেহ ক্ষমতায় যাওয়া তো দূরের কথা রাজনীতিতেও টিকে থাকতে পারেনি।
মন্ত্রী বলেন, হাতিয়ার বড় সমস্যা নদী ভাঙন। এ সমস্যার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াকিবহাল তাই আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে হাতিয়ার মেঘনা নদী ভাঙন রোধে ব্লক বাঁধ নির্মাণকাজ শুরু করা হবে। সড়ক উন্নয়নের কাজ ইতিমধ্যে হাতে নেয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন মূলক কাজে কোন প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। তিনি উন্নয়ন মূলক কাজ চলার সময় বিভাগীয় কর্মকর্তাদের ঘন ঘন পরিদর্শন করার নির্দেশ দেন।
এর আগে ওবায়দুল কাদের পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসকে নিয়ে নদী ভাঙন অঞ্চল পরিদর্শন করেন।
