তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে উপজেলা পর্যায়ের দেড় শতাধিক সহকারী প্রোগ্রামারের পদোন্নতি দাবি ও ৫৬ জনকে প্রোগ্রামার পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাউদ্দিন দোলন ও মাহমুদুল হাসান মিন্টু। প্রোগ্রামার পদে নিয়োগ পাওয়া ৫৬ জনের পক্ষে ছিলেন আইনজীবী তানজিবুল আলম ও ছিদ্দিক উল্লাহ মিয়া।
২০১৬ সালের ২২ মে প্রোগ্রামার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। প্রক্রিয়া শেষে এই পদে ৫৬ জনকে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা পর্যায়ের দেড় শতাধিক সহকারী প্রোগ্রামার পদোন্নতি দাবি করে ওই ৫৬ জনকে প্রোগ্রামার পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করে এবং প্রোগ্রামার পদে ৫৬ জনের নিয়োগ স্থগিত করে। রবিবার চূড়ান্ত শুনানি শেষে আদালত ওই রিট আবেদন খারিজ করে দেয়।
